নৌকায় গ্রুপ ছবি তুলতে গিয়ে প্রাণ গেল ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গ্রুপ সেলফি তোলার সময় হুড়োহুড়িতে পর্যটকদের একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে সাতজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ মে) জাভা দ্বীপের বায়োলালি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। এতে দুইজন এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

রোববার (১৬ মে) কেন্দ্রীয় জাভা পুলিশ কর্মকর্তা আহমাদ লুতফি বলেন, ওই নৌকাটিতে ২০ জন যাত্রী ছিলেন। তারা গ্রুপ ছবি তোলার জন্য যখন নৌকার একপাশে একত্রিত হন তখন এই দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, যখন ২০ জন যাত্রী একসঙ্গে সেলফি তোলার জন্য নৌকার ডানদিকে একত্রিত হন তখন নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এতে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় নৌকা পরিচালনায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি-না সেটা তদন্ত করে দেখা হবে। নৌকাটি ১৩ বছর বয়সী একজন চালাচ্ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা। এপ্রিলে পশ্চিম জাভায় দুটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জেলে নিখোঁজ হয়। উদ্ধার অভিযানের পর সেখানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়াও গত বছরের জানুয়ারিতে সুমাত্রা দ্বীপের উপকূলে ২০ জন অভিবাসী শ্রমিক নিয়ে মালয়েশিয়ার দিকে যাওয়া একটি নৌকা ডুবে ১০ জন নিখোঁজ হয়েছিলেন।