পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি।।
করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে দুই নারী মারা গেছেন। তাদের মধ্যে একজন গতকাল শুক্রবার (০৭ আগস্ট) রাতে এবং অপরজন আজ শনিবার ভোরে মারা যান। কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী তাদের দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে মারা যাওয়া নারীর বাড়ি বরগুনায়। ওই নারীর বয়স ৭০ বছর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। গতকাল রাত ১২টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপর নারীর বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চর বয়রা গ্রামে। ওই নারীর বয়স ৪০ বছর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ওই নারী পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ ভোর ৬টা ২৫ মিনিটে মারা যান।

এই চিকিৎসা কর্মকর্তা বলেন, দুজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।