পথচাওয়া

পথচাওয়া
-হেলেন রহমান

আচ্ছা! তুমি কি আমায়
ভুলে গেছো বন্ধুবর!
বেশ ক’ দিন ধরেই
মিলছে না তোমার খোঁজ,
দূরত্ব এমনকরে কভু করবে
দখল আমাদের বন্ধুত্ব
ভাবিনি, বুঝিনি কখনও।

কি এমন অপরাধ করেছি
তা কেবল জানো তুমি,
হয়ত ক্ষমার অযোগ্য আমি
তাই তো ফেলছো না
এখন আর আমার আঙিনায়
তোমার রাঙা ওদু’ পা।

অভিযোগ নয়,নই অভিমানী
কেনো আস না আমার কাছে
কিংবা কেনো ভুলে গেছো আমায়!

শুধু বলে যাচ্ছি দৃঢ়তায়
ভালো আমি যেমন বেসেছি
তুমিও তেমনি বেসেছিলে আমায়,
আমি যদি তোমায়
ভুলে থাকতে না পারি
তুমি কেমনে ভুলবে আমায়!

ফিরতেই হবে ও বন্ধুবর!
ফিরবে তুমি নিশ্চিত
কোনো শুভক্ষণে
এ মনের চেনা বন্দরে,
সে ক্ষণের অপেক্ষাতে
আমি রইবো পথচেয়ে।