পদ্মায় লঞ্চের তলায় ফাটল, অল্পের জন্য বাঁচলেন ১২০ যাত্রী

অনলাইন ডেস্ক।।
পদ্মা নদীতে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী একটি লঞ্চের তলায় ফাটল দেখা দিয়েছে। এরপর দ্রুত লঞ্চটিকে পাশের চরে ভিড়িয়ে রক্ষা করা হয় প্রায় ১২০ যাত্রীর প্রাণ।

১১ অক্টোবর, রবিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর শরীয়তপুর জেলার মাঝিকান্দি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এমভি শাহ পরান নামের লঞ্চটি।

পরে অন্য একটি লঞ্চে করে যাত্রীদের শিমুলিয়া ঘাটে পৌঁছানো হয়। বর্তমানে লঞ্চের তলা দিয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে মাঝিকান্দি থেকে লঞ্চটি শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ১১টার দিকে পদ্মা সেতু অতিক্রম করে বড় পদ্মায় প্রবেশের মুখে ড্রেজার বংশীর সাথে ধাক্কা লেগে লঞ্চটি তলা দিয়ে পানি প্রবেশ করতে থাকে।

পরে দ্রুত লঞ্চটিকে পাশের চরে ভেড়ানো হয়। এতে প্রায় ১২০ জন যাত্রী প্রাণে বেঁচে যান। পরে অন্য একটি লঞ্চ যাত্রীদের শিমুলিয়া নিয়ে যায়।