পরাজিত প্রার্থীর কর্মীর হাতে চুড়ি পরলেন আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক।।
বাগেরহাটের কচুয়া উপজেলায় পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে গিয়ে জোর করে হাতে চুড়ি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ নভেম্বর) পরাজিত প্রার্থীর সমর্থক গিমটাকাঠি গ্রামের মো. মোশারেফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ নভেম্বর দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোশারেফ শেখ। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

লিখিত বক্তব্যে মোশারেফ শেখ অভিযোগ করেন, ‘আমি কচুয়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষকলীগের সাবেক সভাপতি। গত ২০ নভেম্বর কচুয়া উপজেলার সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি ১,২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী সেলিনা বেগমের পক্ষে কাজ করি। কিন্তু সেলিনা বেগম নির্বাচনে হেরে যাওয়ায় বিজয়ী প্রার্থী মোহিনি বেগম পক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আজাদ বালি ও তার সমর্থকরা আমাকে হুমকি দেয়। এক পর্যায়ে সোমবার বিকালে আজাদ বালির নির্দেশে ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫-২০ জন লোক আমার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সামনে জোর করে আমার হাতে চুড়ি পরিয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে গ্রামের মানুষ আমার বাড়িতে ভিড় করে।।

এ বিষয়ে আজাদ বালি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই নাটক সাজানো হয়েছে। যদি এ ধরণের ঘটনা ঘটে থাকে তবে আমি এর তীব্র নিন্দা জানাই।’