‘পরী বউ হিসেবে ভালো, রান্না করে খাওয়ায়, আদর যত্ন করে’

বিনোদন ডেস্ক।।
‘আমার পুত্রবধূ অনেক ভালো, আমাকে নিজে হাতে রান্না করে খাওয়ায়; মায়া মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়… অনেক খেয়াল করে, আদর যত্ন করে।’ বলছিলেন শরিফুল রাজের মা ও পরীমণির শাশুড়ি জাহানারা বেগম।

বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একশ’ ফিট এলাকায় হয় পরীমণি ও রাজ অভিনীত ‘গুণিন’ ছবির প্রিমিয়ার। ছবির প্রিমিয়ারে পরীমণির নানা ও শাশুড়ি হাজির হয়। ছবিটি দেখার পর পুত্রবধূ ও ছেলে শরিফুল রাজ অভিনীত ‘গুণিন’ বেশ ভাল লেগেছে বলে জানান জাহানারা বেগম।

এই সময় ছেলের বউ হিসেবে নায়িকা পরীমণি কেমন জানতে চাইলে সাংবাদিকদের জাহানারা বলেন, ‘পরীমণি অন্য নায়িকাদের মতো না। ওকে পূত্রবধু হিসেবে পেয়ে আমি দারুণ খুশি। পরীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুবই প্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে।’

‘গুণিন’ সিনেমার জন্য চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে। ১১ মার্চ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুনিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুট করতে গিয়েই পরিচয় হয় তাদের। এরপর প্রণয়, অতঃপর পরিণয়।