পাকিস্তান দলে ফিরলেন আমির

স্পোর্টস ডেস্ক।।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরকে ‘না’ বলেছিলেন মোহাম্মদ আমির। তবে সম্ভাব্য তারিখের আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন পাকিস্তানি পেসার। তাই ইংল্যান্ড সফরে যেতে আর কোনও সমস্যা নেই তার। এরমধ্যে পেসার হাসির রউফের করোনা পরীক্ষার ফল বারবার ‘পজিটিভ’ আসায় তার জায়গায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন আমির।

অভিজ্ঞ বাঁহাতি পেসার এখন ইংল্যান্ড যাওয়ার অপেক্ষায়। এই সপ্তাহেই হয়তো উড়ে যাবেন যুক্তরাজ্যে, তার আগে অবশ্য দুইবার করোনা পরীক্ষায় হতে হবে ‘নেগেটিভ’। সোমবার (২০ জুলাই) তার প্রথম দফার পরীক্ষা হয়েছে, দুদিন পর হবে আরেকটি কোভিড-১৯ পরীক্ষা। প্রথম পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে আমিরকে রাখা হবে লাহোরের জীবাণুমুক্ত পরিবেশে।

ইংল্যান্ড সফরে তিন টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নেওয়া আমির খেলবেন শুধু কুড়ি ওভারের সিরিজ। যেটি শুরু হবে ২৮ আগস্ট ম্যানচেস্টারে। করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে প্রথম ম্যাচেই এই পেসারকে পাবে পাকিস্তান।

হারিস রউফের করোনা পরীক্ষার ফল আমিরের দলে ফেরা সহজ করে দিয়েছে। ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা এই পেসার ষষ্ঠবার করোনা পরীক্ষা করিয়েছেন, যার পাঁচটিই এসেছে ‘পজিটিভ’! রউফ এখন আছেন ১০ দিনের কোয়ারেন্টিনে।

আমিরের দ্বিতীয় সন্তানের জন্ম নেওয়ার তারিখ ছিল আগস্টে। তবে গত ১৭ জুলাই পৃথিবীর আলো দেখেছে তার সন্তান। এরপর তাকে দলের ফেরার ‘সবুজ সংকেত’ দেন প্রধান নির্বাচক মিসাবহ-উল-হক।