পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের সঙ্গে সীমান্ত সংঘাতে ২০ সেনা মারা যাওয়ার কয়েক দিন পরই এবার পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে এক ভারতীয় সেনা মারা গেছেন। সোমবার (২২ জুন) রাতভর পাকিস্তান সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর রাতে পাকিস্তান আর্মি গুলি চালাতে শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে প্রায় ছয়টা পর্যন্ত সংঘর্ষ চলে।

গত এক মাসে জম্মু এবং কাশ্মীরের এই নিয়ন্ত্রণ রেখায় ভারতের চারজন সেনা মারা গেলেন। এর আগে গত ৪ এবং ১০ জুন পাকিস্তানি সেনার গুলিতে ভারতের দুইজন নিহত হন। পরে ১৪ তারিখ মারা যান আরেকজন।

ভারতের দাবি, কাঠুয়া জেলায় পাকিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে আগে আক্রমণ করা হয়। এ সময় নওশের সেক্টরে দায়িত্বরত এক সদস্য গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।