পাথরঘাটায় ট্রলারে নিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় ইমাম হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (১০) ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে ওই স্কুলছাত্রীর নানী তাছলিমা বেগম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল বাশার।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পাশের ভাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম হোসেন একই এলাকার মো: আব্দুর রশিদের (ডগইয়ার্ড রশিদ) ছেলে।

স্থানীয় খাদিজা বেগম ও আব্দুস ছত্তার শরীফ জানান, দুপুরের দিকে আমাদের বাড়ির সামনে দেখতে পাই ওই শিশুর বাবা তার মেয়েকে মারধর করছে। আমরা দেখে তাকে বাড়িতে নিয়ে এসে তার কাছে মারধরের কারণ জানতে চাইলে সে বলে, ইমাম ভাইয়া তাকে ট্রলারের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করতে চায়। তখন সে ব্যথা পেয়েছে বলেও জানান তার কাছে।

তারা আরো জানান, কিছু দিন আগে মাদকসেবনের জন্য থানায় ধরে নিয়ে গেছিল ইমামকে। ওই ছেলেটা এমনই। আমরা অভিযুক্ত ইমামের শাস্তি চাই যাতে অন্য লোকজন দেখে এ কাজ না করে।

এ বিষয়ে ওই শিশুর মা ছবি বেগম বলেন, আমার শিশু বাচ্চার সাথে এরকম কেন করছে তার বিচার চাই। ওই ইমাম বিয়ে করেছে এবং তার সন্তানও আছে। আমি আইনের আশ্রয় নিবো তার বিরুদ্ধে মামলার করেছি। আমি আইনের মাধ্যমে এর সমাধান চাই যাতে ওই ইমাম আমার মেয়ের মতো আর কোনো মেয়ের সাথে এমন না করে।

অভিযুক্ত ইমাম হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে জানতে চাইলে তার মা শিউলী বেগম জানান, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমাদের সাথে পাশের ইসা নামের এক ব্যক্তির সাথে ঝামেলা থাকায় তিনি এ কাজ করান বলে জানান।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান, ওই শিশুর নানী তাছলিমা বেগম থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে আটকের চেস্টা চলছে।