পাথরঘাটায় শিকলে হাত-পা বাঁধা অজ্ঞান যুবক উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় শিকলে হাত-পা বাঁধা নজরুল ইসলাম (২৫) নামের এক যুবককে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ মে) দিবাগত রাত দেয়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য মতিউর রহমানের বাড়ির পাশ থেকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেত আলী।

নজরুল ইসলাম উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।

স্থানীয় ফারুক হোসেন জানান, ধারনা করা হচ্ছে রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা মারধর করে হাত পা শিকলে বেঁধে তালা দিয়ে অবস্থায় খালের পাড়ে ফেলে যায়। হেটে যাওয়ার সময় রাস্তার ঢালে একটি মোটরসাইকেল ফালানো দেখে হাসান ও আরিফ। এর কিছু দুরেই মানুষের গোঙানির শব্দ শুনে তার কাছে গিয়ে লোহার শিকল দিয়ে পিছনে হাত ও পা বাধা অবস্থায় এক যুবককে দেখতে পায়। বিষয়টি সাবেক ইউপি সদস্য মতিউর রহমানকে জানলে তিনি থানায় ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা থানার উপ-পরিদর্শক রাজেত আলী ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে শিকল খুলে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) রাজেত আলী জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিকলের তালা ভেঙ্গে নজরুল ইসলামকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সুস্থ হওয়ার পরে নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানা যাবে বলে জানান তিনি।