পাথরঘাটায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

এএসএম জসিম, পাথরঘাটা, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আলহাজ্ব আবুল হোসেন (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) মাগরিবের সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমে মোয়াজ্জেন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের মুসল্লি আব্দুল হামিদ খান জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করে যাচ্ছিলেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখে।

মৃত আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদ রোগে ভুগছিলেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন।

রোববার সকাল ১০টার সময় জানাজা শেষে আবুল হোসেন হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়েছে।

পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক ও পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া জানান, নামাজ কল্যান মুলক কাজ, এই অবস্থায় বান্দার পরকালীন জীবনের বিষয়ে “তিরমীজি শরিফের হাদিস নম্বর ২০১৪ বিস্তাতির ভাবে বর্ননা দিয়েছেন”। আল্লাহ চাইলে বান্দার মৃত্যুর আগে এবং পরে দুই স্থানেই কল্যানকর কিছু উপহার দিতে পারেন। বান্দার মৃত্যুর আগে কি হবে এবং মৃত্যুর পরে কি হবে তা আল্লাহই ভাল জানেন।