পাথরঘাটা পৌর এলাকা বহিরাগতদের দখলে, আতঙ্কে ভোটাররা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে টাকা ছড়াছড়ির পর এবার জনসাধারণের ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রভাবশালী মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন। মাঠ দখল করতে বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীদের এনে একাধিক বাসায় রাখা হয়েছে। এখন ভোটারের তুলনায় বহিরাগতদের সংখ্যা বেশি। ইতোমধ্যে পাঁচ হাজার ভোটারকে টার্গেট করে বাড়ি বাড়ি গিয়ে নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এসব ভোটারদের ক্ষেত্র বিশেষ টাকা দিয়ে অথবা সন্ত্রাসী কর্তৃক ভয়-ভীতি দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হবে বলে সূত্রটি জানায়।

পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড এর মারধরের শিকার হওয়া বাদশা মিয়া জানান,গত বৃহস্পতিবার এমপি শওকত হাসানুর রহমান রিমন সাহেব আমাকে আমরাতলা এলাকায় আমি সহ আমারা কয়েকজন শ্রমিক কে ডেকে নিয়ে বলেছেন, যেভাবেই হউক সরকারদলীয় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এছাড়া অন্য কারো নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর পরের দিন আমাকে আনোয়ার আকনের নাতি চায়ের দোকানে বসে মারধর করেছে এবং মেরে ফেলার হুমকি দিয়েছে।

এছাড়াও ৯নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাতব্বর রুবেলের বাবা, শিশু মাতুব্বরের কে নৌকার প্রার্থী আনোয়ার আকনের নাতি সুমন ও নুরু মিস্ত্রীর হাতে রবিবার পৌরসভা এলাকার ব্রীজের নিচে মারধর করেছে।

এদিকে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নৌকার প্রার্থী আনোয়ার আকনের লোকজনের হামলার শিকার হওয়া উজ্জ্বল বিশ্বাস অশ্রুসিক্ত মুখে বলেন, আমি একজন শ্রমিক। নির্বাচন করতে এসে আমি এখন ঘর ছাড়া। আমার ঘরবাড়ি ভাঙচুর করে এবং আমাকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে আনোয়ার আকনের লোকজন। আমি আমার জীবনের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে।

এদিকে, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী সংহিসতা ক্রমশ বাড়ছে। প্রার্থীদের ভোট প্রার্থনা ও অনৈতিক আবদারে সাধারণ ভোটার রয়েছে আতঙ্কে। হোসেন কাজী বলেন, মেয়র আর ছোট ভাই ইউপি চেয়ারম্যান এবং মেয়রের ছেলের জুলুম অত্যাচারে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি তাদের পক্ষে প্রচারণায় না যাওয়ায় পুলিশের সামনে আমাকে ধাওয়া করা হয়েছে।

সকল অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঃ আনোয়ার হোসেন আকন উল্টো অভিযোগে বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের সোহেল তার সন্ত্রাসীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে আনোয়ার আকন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমার প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে এবং আমার লোকজনদেরকে রাস্তাঘাটে বিরক্ত করছে এবং কালো টাকা ছড়াচ্ছে, আতঙ্ক সৃষ্টি করছে ভোটারদের মাঝে।

এ বিষয়ে পাথরঘাটা পৌর নির্বাচনী রিটার্নিং অফিসার ও বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার বলেন, কালো টাকা বিতরণের বিষয় থাকলে সেটি ফৌজদারী অপরাধ, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি।