পাবনায় করোনা নেগেটিভ ১৭ সদস্যকে জেলা পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

পাবনা প্রতিনিধি।।
পাবনায় করোনা নেগেটিভ হওয়ায় ১৭ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ শামিমা আক্তার ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ শরিফুল ইসলাম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তাদেরকে সুস্থ হিসেবে পাবনা পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতামূলক কাজ করতে গিয়ে নমুনা দিয়ে টেস্ট করার পর কোভিড-১৯ পজেটিভ হয় জেলা পুলিশ, পাবনার ১৭ জন পুলিশ সদস্য। পরবর্তীতে পরপর দুইবার নমুনা দিয়ে টেস্টে নেগেটিভ আসে ১২ জন পুলিশ সদস্যের।

প্রসঙ্গত, প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পরও নিরলস কাজ করে যাচ্ছিলেন পাবনা জেলা পুলিশের সদস্যবৃন্দ।