পিরোজপুরে কুড়াল দিয়ে কুপিয়ে খুন, একজনের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে রেজাউল করিম রিপন নামের একজনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো: মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় তিনি আসামীকে আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর পুত্র।

নিহত রেজাউল করিম রিপন হাওলাদার (৪০) জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এবং পত্তাশী কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকার কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রিপন তার নিজ বাড়ির এলাকার উপজেলার চর বলেশ্বর থেকে বিকেলে ভ্যান যোগে পত্তাশী বাজারে যাবার সময় পরিবারিক বিরোধের জেড় ধরে একই এলাকার হাসিবুল ইসলাম কাঞ্চন নিহত রেজাউলের উপর কুড়াল দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই রেজাউল মারা যায়।

এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ঐদিনই ইন্দুরকানী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৬ই মার্চ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে এঘটনায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার এ আদেশ প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা ইন্দুরকানি থানার তৎকালিন সাব ইন্সেপেক্টর বর্তমানে বরিশালের বানারীপাগাড়া থানয় কর্মরত শফিকুল ইসলাম এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।