পুলিশের নজরে প্রিয়াঙ্কা ও দীপিকা

বিনোদন ডেস্ক।।

ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের ভক্তের সংখ্যা সব থেকে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে দুই অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা তাক লাগিয়ে দেয়ার মতো। কিন্তু এই দুজনের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের ছড়াছড়ি।

তাদের প্রত্যেকটি সোশ্যাল হ্যান্ডেলেই লক্ষ লক্ষ ফলোয়ার। সেই অত্যাধিক ফলোয়ারের কারণেই মুম্বাই পুলিশের নজরে এই দুই অভিনেত্রী। খুব শিগগিরিই তাদের পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে তাদের কাছে নোটিশ গিয়েছে বলে শোনা যাচ্ছে।

সুত্রের খবর, তাদের বিরুদ্ধে অভিযোগ- ভক্তদের সংখ্যা বাড়ানোর জন্য এই দুই অভিনেত্রী নাকি টাকা দিয়ে ফেক অ্যাকাউন্ট চালাচ্ছেন। যদিও এর কোনো প্রমাণ নেই মুম্বাই পুলিশের কাছে। তবে এই সবকটি অ্যাকাউন্টই যে ‘পেইড’ অর্থাৎ এগুলোর পিছনে কেউ টাকা ঢালছেন, তার নাকি প্রমাণ রয়েছে। আর সেই প্রমাণের জেরেই নাকি প্রিয়াঙ্কা এবং দীপিকাকে হাজিরা দিতে হতে পারে থানায়।

বিষয়টি নিয়ে মুম্বাইয় পুলিশের যুগ্ম কমিশনার বিনয় কুমার চৌবে সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে তারা এরকম ৫৪টি ফার্ম খুঁজে পেয়েছেন, যারা এসব ফেক অ্যাকাউন্ট দেখাশোনা করে। তাই সোশ্যাল মিডিয়ায় এই ফেক আইডি চালানো ফার্মগুলোর কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।

তিনি আরো জানান, এরই মধ্যে অভিষেক দিনেশ দাউদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যে আন্তর্জাতিক এক সংস্থার সঙ্গে ফেক আইডি সংক্রান্ত কার্যকলাপে জড়িত। প্রিয়াঙ্কা এবং দীপিকাই নন ফেক আইডির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আরো ১৭৪জন হাইপ্রোফাইল ব্যক্তিদের। এই তালিকায় বেশ কয়েকজন তারকার নাম রয়েছে।