পুলিশ যখন সাংবাদিকতা করবে, বুঝতে হবে সব শেষ

অনলাইন ডেস্ক।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের সব ক্ষমতা এখন পুলিশের কাছে। পুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে সব শেষ।’

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছেন। ওরা নিজেরাই বলে যে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?’

মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরীব মানুষকে আটকে রেখে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী।’

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, ‘জেলায় ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নেই তো এখন। এখন সব আমলা লীগ।’

ফখরুল বলেন, ‘দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচারণা করার জন্য এখন থেকে অনুমতি নিতে হবে।’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন দেখলাম মেট্রোরেল উদ্বোধন করছে। মানুষ খুশি। বলছে পরিবর্তন হবে। পরিবর্তন কী শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য। হাজার মানুষের পরিবর্তন কোথায়। সবকিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বী।’

আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি (শেখ হাসিনা) বলেছেন তারেক রহমানের মালয়েশিয়া কারখানা-ইন্ডাস্ট্রি রয়েছে। আপনি অবৈধভাবে রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছেন। আপনি তার একটি আইসক্রিমের কারখানার সন্ধানও তো দেখাতে পারেননি। আপনারা অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন। আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন। আপনারাই জনগণের সঙ্গে ষড়যন্ত্র করছেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।