পেছনের কক্ষে নিয়ে গৃহবধূকে যৌন নিপীড়ন, অতঃপর পল্লী চিকিৎসক ধরা

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় এক গৃহবধূর যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আ. রব (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে থানা পুলিশ। গোলখালী ইউনিয়নের হরিদেবপুর বাজারের ঐ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে রোববার (২৫ এপ্রিল) গলাচিপা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত আ. রবকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় হরিদেবপুর বাজারে ওই এলাকার গৃহবধূ মোসা. লামিয়া জন্ম নিরোধ ইনজেকশন নিতে পল্লী চিবিৎসক আ. রবের নুপুর ফার্মেসীতে যায়। এ সময়ে স্বামী মো. আল আমিন প্যাদা তার সাথে ছিল। স্বামীকে সামনে বসতে বলে ওই গৃহবধূকে পল্লী চিকিৎসক পিছনের একটি কক্ষে নিয়ে যায় এবং বোরকা খুলতে বলে। এতে গৃহবধূ রাজী না হলে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিয়ে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ করা হয়। গৃহবধূর ডাকচিৎকারে এলাকাবাসী জড়ো হওয়ার আগেই পল্লী চিকিৎসক পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত জানান, অভিযুক্ত পল্লী চিকিৎসককে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করে গলাচিপা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।