পেনাল্টি ঠেকিয়ে কিংসকে পূর্ণ পয়েন্ট এনে দিলেন জিকো

স্পোর্টস ডেস্ক।।
ম্যাচের বয়স ৮৪ মিনিট। বসুন্ধরা কিংসের বিপক্ষে তখন ১-২ গোলে পিছিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব। ঠিক তখন পেনাল্টি পেয়ে যায় সাইফ। ম্যাচ সমতায় আনার সূবর্ণ সুযোগ পাওয়ায় সাইফের ডাগআউটে উচ্ছ্বাস। কিন্তু কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পেনাল্টি ঠেকিয়ে সাইফের হাসিটাও থামিয়ে দেন।

জিকোর ডান দিক দিয়ে শটটি নিয়েছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু। জিকো ঝাপিয়ে রুখে দেন সেই শট। নির্ঘাত ১ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয় সাইফ। জয়ের ধারায় থাকে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ম্যাচের পর সাইফের বেলজিয়ান কোচ পলপুট পারলে নিজের চুল ছেড়েন। গোল করে এগিয়ে গিয়ে ধরে রাখতে পারেনি তার শিষ্যরা, পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি।

১৮ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে জন ওকোলি গোল করে এগিয়ে দিয়েছিলেন সাইফকে। ৩৩ মিনিটে তৌহিদুল আলম সবুজ গোল করে সমতায় ফেরান কিংসকে। চার মিনিট পর ব্রাজিলের রবিনহোর যে গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা তা ছিল দেখার মতো।

১০ ম্যাচে শেখ জামালের এটি নবম জয়। ২৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করলো। অন্য দিকে ৯ ম্যাচ খেলা সাইফ টানা দুই হারে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৬ নম্বরে।