পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক।।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে প্রথম দুই ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে আলবেসেলেস্তেরা। পেরুর বিপক্ষে বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচে নামবেন মেসিরা।

ওই ম্যাচের জন্য আগেই শুরুর একাদশে যারা থাকবেন তাদের নাম জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। লিমায় যাওয়ার আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন আর্জেন্টিনা কোচ।

সেখানে তিনি বলেছেন, ‘আমি আগেই আমাদের শুরুর একাদশ জানিয়ে দিচ্ছি। আমরা-আরমানি (গোলরক্ষক), মন্টিয়েল, মার্টিনেজ কোয়ারটা, ওটামেন্ডি, ত্যাগলিয়াফিকো, ডি পাউল, প্যারাদেস, লো চেলসো, নিকো গঞ্জালেস, লওতারো মার্টিনেজ এবং মেসিকে নিয়ে নামছি।’

আর্জেন্টিনা কোচ লুকাস অকাম্পোসের জায়গায় শুরুর একাদশে লেফট উইঙ্গার হিসেবে রেখেছেন নিকোলাস গঞ্জালেসকে। প্যারাগুয়ের বিপক্ষে নিকো খেলেছিলেন লেফট ব্যাক হিসেবে। অথচ গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ স্কালোনি তাকে উইঙ্গে রাখার কারণ হিসেবে জানিয়েছেন, গত ম্যাচে নিকো খুবই ভালো খেলেছে। তার দক্ষতা নিয়ে কোন সন্দেহ নেই। মাঝমাঠে তার অবদান রাখার ক্ষমতা আছে। সুবিধাটা তারা নিতে চান।