‘প্রয়োজনে গণগ্রেফতার, তবুও রাজপথ ছাড়ব না’

রূপালী ডেস্ক।।
ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে জনসভা করেছে বিএনপি। জনসভায় নেতারা বলেন, প্রয়োজনে গণগ্রেফতার, তবুও রাজপথ ছাড়ব না।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি।

বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। জনসভায় বিশৃঙ্খলা এড়াতে সদর রোড ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

জনসভায় নেতাকর্মীরা বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা করছে। ঢাকায় বিএনপির শান্তি সমাবেশে সরকারের পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

হামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে নেতাকর্মীরা বলেন, এক দফার দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা।

এ আন্দোলনে বরিশাল বিএনপি প্রস্তুত রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে সেই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়বেন। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ হাসিনা সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াসহ সব বন্দিদের মুক্ত করার ঘোষণা দেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানসহ অনেকে।