প্রস্তুতি নিয়েই শ্রীলংকা যাওয়ার আশা মুমিনুলের

স্পোর্টস ডেস্ক।।
কিছুদিন আগেও ক্রিকেটারদের কাছে আতঙ্কের নাম ছিল করোনাভাইরাস। সময় গড়ানোর সঙ্গে করোনাভীতিও কমে গেছে অনেকটা। ঘরবন্দি জীবনের ইতি টেনে মাঠে ফিরেছেন অনেকে। ফেরার অপেক্ষায় আছেন বাকিরাও। মার্চে লিগ বন্ধ হওয়ার পর গতকাল প্রথম অনুশীলন করেন মুমিনুল হক। নিজেকে ফিরে পাওয়ার লড়াই শুরু করলেন লম্বা বিরতির পর। টাইগার টেস্ট অধিনায়কের সরল স্বীকারোক্তি, ‘নতুন লাগছে সবকিছু।’ প্রিয় আঙিনায় ফেরার আনন্দ কাজ করছে তার মনে।

করোনাকালে ক্রিকেটের কার্যক্রম বন্ধ থাকলেও অলস সময় কাটেনি ক্রিকেটারদের। বাড়ির ভেতরে ফিটনেসের চর্চা করে কিছুটা প্রস্তুত থাকার চেষ্টা করেছেন তারা। মুমিনুলও সে দলের একজন।

গতকাল তিনি জানালেন, প্রায় সাড়ে চার মাস পর মাঠে ফেরার রোমাঞ্চের কথা, ‘অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরে খুব ভালো লাগছে। প্রথম দিন হওয়ায় সবকিছু নতুন নতুন লাগছিল। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে, দু-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করছি, খুব দ্রুত মানিয়ে নিতে পারব।’

টাইগার টেস্ট অধিনায়ক জানান, করোনার কারণে ঘরবন্দি সময়ে খেলাটাকে খুব মিস করছিলেন, ‘চার-পাঁচ মাস ক্রিকেটটা অনেক মিস করেছি। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। তাদের দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। ভালো শুরু করতে পারব ইনশাআল্লাহ।’

বাংলাদেশের ক্রিকেট লক্ষ্যহীন হয়ে পড়েছিল জুলাই মাসেও। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ স্থগিত করা হলে একটিও সিরিজ ছিল না খেলার মতো। শ্রীলঙ্কা সফর পুনরায় শুরুর উদ্যোগ নেওয়ায় খেলায় ফেরার সুযোগ এসেছে ক্রিকেটারদের সামনে। তিন টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে লঙ্কা যাওয়ার আশাব্যাঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

মুমিনুলের বিশ্বাস, টেস্ট সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার অবারিত সুযোগ সামনে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার আগে আমরা যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাব। প্র্যাকটিস ম্যাচসহ প্রস্তুতি খুব ভালো হবে আশা করি। সব প্রস্তুতি নিয়ে ভালোভাবে টেস্ট ম্যাচ শুরু করা যাবে।’ যে ক্রিকেটাররা আজ খেলায় ফেরার জন্য আকুপাকু করছেন, করোনাভাইরাস না এলে তারাই ২০২০ সালে টানা ক্রিকেট খেলে হাঁপিয়ে উঠতেন।