প্রাইভেটকার তৈরি হবে দেশেই, দামও কম

তথ্য-প্রযুক্তি ডেস্ক।।
দেশেই তৈরি হবে পরিবেশবান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত টু হুইলার, থ্রি হুইলার ও ফোর হুইলার গাড়ি। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এ জন্য চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ একর জমির ওপরে কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানি। এ কারখানায় আগামী ২০২০-২১ সাল থেকে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠিত এ প্ল্যান্টে গাড়ির ৬০ শতাংশ (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে। তাই তুলনামূলকভাবে কম দামেই পাওয়া যাবে এসব গাড়ি। এর মধ্যে সেডান ১২-১৫ লাখ, এসইউভি ২০ লাখ ও হ্যাচব্যাক ৮ লাখ টাকারও কমে পাওয়া যাবে।

গাড়িগুলো একবার চার্জ দিলে প্রায় ৪শ’ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এইটুকু পথ পাড়ি দিতে ২০ মিনিট চার্জ দিলেই চলবে। এছাড়া প্রতি কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ২ টাকা।

এছাড়াও তারা মোটরসাইকেলও তৈরি করবে যার দাম পড়বে ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত। ইলেকট্রনিক গাড়িগুলোর ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানা গেছে। সূত্র-ডিফেন্স রিসোর্ট ফোরাম।