প্রেমিকার সামনে বুকে ছুরিকাঘাত ও বিষপানে প্রেমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এবং বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আমরুলের ছেলে এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বুলবুল রাজশাহী সিটি কলেজের ছাত্রী তুলি ও জেমি নামের দুই তরুণীর সঙ্গে মাস্টারসেফ রেস্তোরায় যান। সেখানে প্রেমিকা তুলির সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি নিজের বুকে ছুরি চালান এবং বিষপান করেন। এ সময় ওই দুই তরুণী অন্যদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ”ছেলেটির ব্যাগে একটি শাড়ি ও চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে, ‘মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারব না।”

ওসি আরও বলেন, তুলির সঙ্গে বুলবুলের প্রেম ছিল। কিন্তু পরে তুলির অন্যত্র বিয়ে হয়। সেখানে তার একটি সন্তানও হয়। বিয়ের পরও বুলবুল তাকে বিয়ের জন্য প্ররোচিত করত। পুলিশ তুলি ও তার বান্ধবী জেমিকে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।