প্রেম টেকাতে স্বামীকে হত্যা, প্রেমিকের সঙ্গে জেলে

আন্তর্জাতিক ডেস্ক।।
প্রেম টেকাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজান সঞ্জুবাই নামের এক নারী। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যান পুলিশের হাতে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সলমন নামের এক যুবকের সঙ্গে প্রেম করছিলেন সঞ্জুবাই। কিছু দিন পর তার স্বামী মনোজ বিষয়টি জানতে পারেন। ধরা পড়তেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে ফেলেন সঞ্জুবাই। মনোজকে হত্যার জন্য তারা সরাফত নামের আরেক যুবকের সঙ্গে যোগাযোগ করেন।

এর কিছুদিন পর মোটরসাইকেল যোগে গ্রামের এক বিয়ে বাড়িতে যাচ্ছিলেন মনোজ। এ সময় পরিকল্পনা অনুযায়ী তার পথ আটকান সলমন ও সরাফত। এরপর তাকে গলা টিপে খুন করেন তারা। পরে রাস্তার ধারে তার মরদেহ ফেলে রেখে চলে যান, যাতে সবাই মনে করে মনোজ দুর্ঘটনায় মারা গেছেন।

পরে মনোজের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়। একই সঙ্গে সঞ্জুবাই ও সলমনের ফোনের মেসেজ এবং সলমন ও সারাফতের ফোনের লোকেশন ট্রেস করে জানা যায়, মনোজের মৃত্যুর সময় তারাই ঘটনাস্থলে ছিলেন। এ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।