‘ফাস্ট-ট্রাক’ মর্যাদা পেল করোনার দুই ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। সেই সঙ্গে বিভিন্নি দেশের ১০০টি টিকার ট্রায়াল চলছে বিশ্বব্যাপী। তার মধ্যে দুটি ভ্যাকসিনকে ‘ফাস্ট-ট্রাক’ মর্যাদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

ভ্যাকসিন দুটির একটি জার্মানির ‘বায়োএনটেক’ এর ও অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পিফিজার’ এর তৈরি। এফডিএ বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের সাংকেতিক নাম রেখেছে বিএনটি১৬২বি১। আর পিফিজারের টিকার সাংকেতিক নাম রেখেছে বিএনটি১৬২বি২। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি শ’খানের ভ্যাকসিনের মধ্যে এই দুটি এগিয়ে রয়েছে। এই দুটি ভ্যাকসিনের এরইমধ্যে ট্রায়াল ১ সম্পন্ন হয়েছে এবং ট্রায়াল ২ চলমান রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তাদের প্রাথমিক ট্রায়ালে করোনার বিরুদ্ধে আশাব্যাঞ্জক ফল পেয়েছে তারা। বিস্তারিত তথ্য চলতি মাসের শেষের দিকে প্রকাশ করবে। অনুমোদন পেলে চলতি মাসের শেষের দিকে তারা বড় আকারে ট্রায়াল শুরু করবে। যেখানে ৩০ হাজার স্বেচ্ছাসেবকদের শরীরে দেয়া হবে এই ভ্যাকসিন।

বায়োএনটেক ও পিফিজারের টিকা দুটির ট্রায়াল ১ ও ২ এর কার্যকারিতা ও অন্যান্য বিষয়ের ডাটা বিশ্লেষণ করেই এফডিএ ‘ফাস্ট-ট্রাকের’ স্বীকৃতি দিয়েছে। ধারনা করা হচ্ছে এই স্বীকৃতি প্রতিষ্ঠান দুটিকে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিস্কারের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও যত্নবান করে তুলবে।

শেষ পর্যন্ত এই দুটি ভ্যাকসিন যদি সফলভাবে তাদের ট্রায়াল শেষ করতে পারে তাহলে চলতি বছরের শেষ নাগাদ ১ কোটি ডোজ ও ২০২১ সালের শেষ পর্যন্ত ১২০ কোটি ডোজ টিকা তৈরি করতে পারবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭৫ হাজার ৫২৫ জন। সূত্র-ইউএসনিউজ.কম, আল জাজিরা।