বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপালী ডেস্ক।।
বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিল চালুসহ বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীরা নগরীর রূপাতলী এলাকায় মিলগেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা একে আজাদ, সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফসহ অন্যরা। বক্তারা শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং মিল খুলে দেওয়ার দাবি জানান।

তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ কর্মসূচিতে অংশ নেন বরিশালের ৮টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়তে হয় কুয়াকাটাগামী বিভিন্ন পরিবহনের যাত্রী ও পর্যটকদের।

পরে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম মিলের মালিক পক্ষের সঙ্গে কথা বলে চলতি মাসের মধ্যে ধীরে ধীরে মিল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বেলা সাড়ে ১২টায় অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, করোনার শুরুতে গত ৮ মাস আগে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রেখে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।