বরগুনায় ভাতিজার হামলায় আহত চাচার মৃত্যু: আটক ২

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় কলা গাছ লাগানো নিয়ে চাচা-ভাতিজার বাকবিতণ্ডায় সময় ভাতিজার হামলায় আহত চাচা মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় নিহতের ভাই ও ভাইয়ের ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
নিহতের নাম মোঃ সুলতান আহমেদ (৬০)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলিশাখালী গ্রামের মরহুম আদম আলীর ছেলে।

শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে শুক্রবার সকালে সুলতান আহমেদকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন তার ছোট ভাই সোহবাফ হোসেনের ছেলে মিরাজ।
পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে কলা গাছ লাগাতে যান মোঃ সুলতান আহমেদ। এ সময় ওই জমি নিজেদের দাবি করে তাতে কলা গাছ লাগাতে বাঁধা দেন তার ছোট মোঃ সোহরাফ হোসেনের ছেলে মিরাজ (২৫)। এ নিয়ে মিরাজের সঙ্গে সোহরাব হোসেনের বাকবিতণ্ডা হলে সোহরাব হোসেনকে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মিরাজ।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মৃত্যুবরণ করেন সুলতান আহমেদ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তরিকুল ইসলাম বলেন, বৃদ্ধ সুলতান আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছোটভাই সোহরাফ হোসেন ও তার ছেলে রিয়াজকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোহরাফ হোসেনের অপর ছেলে মিরাজ পলাতক রয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে জানিয়ে ওসি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের আগামীকাল আদালতে হাজির করা হবে।