বরগুনায় শিকলে বাঁধা জামাতাকে উদ্ধার, অভিযুক্ত ২জনকে আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় শ্বশুর বাড়ি থেকে শিকলে বাঁধা জামাতাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে দশটার সময় পুলিশ জামাতাকে উদ্ধারের সময় তাকে বেঁধে রাখার অভিযোগে তার সুমন্দি রহমান সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে আটক করা হয়।

বরগুনা সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামের পনু সরদারের ঘরে শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়েরকে পাওয়া যায়।

জানা গেছে, ২ বছর আগে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে আবুল খায়েরের (২৬) সাথে তার বিয়ে হয়। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।

খাদিজা বেগম বলেন, রোববার সন্ধ্যায় তার জামাতা আবুল খায়ের তাদের বাড়িতে বেড়াতে আসে। শ্বশুর বাড়িতে যাবার পরেই সুমন্দি রহমান সরদার তার পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখে।

রহমান সরদার বলেন, তার বোনকে বিয়ের পর কাবিন না করায় ভগ্নীপতিকে বেঁধে রাখা হয়। কাবিন করলেই তাকে ছেড়ে দেয়া হতো।

এ বিষয়ে বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই শিকলবন্দী জামাতাকে উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।