বরগুনায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান ছাই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের হাসপাতাল সড়ক এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে দোকান মালিকদের প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ড্রীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে সুত্রপাত হয়। সেখান থেকে পাশের দোকান গুলোতে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন সাংবাদিকদের জানান, আমরা পৌনে চারটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে ছুটে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখানে ১৪ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। কিন্তু আমরা ২৫ থেকে ৩০ টি দোকান রক্ষা পেরেছি। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত তা জানতে পারিনি, তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দূর্ঘটনাটি ঘটে।