বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইমাম হোসেন শিপন জোমাদ্দারকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ ও বিচারের দাবীতে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় শহরের টাউনহল এলাকায় মানববন্ধন কমসূচী পালিত হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: শাহাবুদ্দিন সাবু।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।মএদিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারা হামলা চালিয়েছে ওই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি বাজারের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন চেয়ারম্যান। এ সময় কালিকাবাড়ি বাজারে পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অর্তকিত হামলা চালিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. তারেক হাসান বলেন, ‘হামলায় ওই ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় বিছিন্ন হয়ে গেছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা তার উপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রীক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই সন্দেহভাজন আসামিদের গ্রেফতারের জন্য আমরা অভিযান শুরু করেছি।