বরগুনায় গুরুত্বপূর্ন সড়কের বেহাল দশা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বিশ্ব নিরাপদ সড়ক দিবসে বরগুনার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা । এসব সড়কের কাজ সিডিউল অনুযায়ী করেননি অধিকাংশ ঠিকাদার। তারা প্রায় সড়কগুলোর কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী করায় এসব সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী উপজেলার পুলের হাট-জলিশা বাজার এলাকার প্রায় ৫ কিলোমিটার সড়কে ছোট-বড় প্রায় ৩০ টি গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন ও পথচারীরা। ছোটবড় গর্তে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, এ রাস্তাটির পোলের হাট, বাসন্ডা, গোয়াল বাড়ি, জলিশা বাজার এলাকার অধিকাংশ স্থানেই খোয়া-পাথর উঠে বড় বড় ৩০ টি গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের একপাশ দিয়ে চলছে ছোট যানবাহন। বৃষ্টি হলে গর্তে পানি জমে পুকুরের মতো তৈরি হয়ে যাচ্ছে। এ অবস্থায় চলাচল করা আরও কঠিন হয়ে পড়েছে।

জলিশা বাজার এলাকার হারুন বলেন, জলিশা বাজার থেকে পোলের হাট বাজার সড়কের অবস্থা খুবই নাকাল । এ সড়কটি সংস্কারের অভাবে একেবারে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার সড়কে ছোটবড় হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলা এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে।

হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খান বলেন, গর্ত সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমি ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি গর্ত সংস্কার করেছি। বাকি গর্তগুলো শিগগিরই সংস্কার করা হবে।

এ বিষয়ে বেতাগী উপজেলা এলজিইডি প্রকৌশলী শিপলু কর্মকার নয়াদিগন্তকে বলেন, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি। তাই এ বিষয়ে কোনো খোজ খবর নিতে পারিনি। তবে সংস্কারের বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।