বরগুনায় চেক জালিয়াতি: আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা কারাগারে

গোলাম কিবরিয়া, বরগুনা।।
চাকরির নিয়োগ পরীক্ষায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রইসুল আলম রিপন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বাবুকে মঙ্গলবার (২০ অক্টোবর) জেল হাজতে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আবেদন করেন বরগুনার পৌর সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে রাজু। নিয়োগের লিখিত পরীক্ষায় মোটা অংকের টাকার বিনিময়ে রাজুর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়াল ইসলাম বাবু। পরে এ জালিয়াতি ধরা পড়ে যায়। এ ঘটনায় ২০১৭ সালের ২১ এপ্রিল বরগুনা সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজা বাদী হয়ে মামলা দায়ের করেন। এসময় মামলার তদন্তে জালিয়াতির টাকা চেকের মাধ্যমে পরিশোধের তথ্য পান পুলিশ। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার কাউন্সিলর রইসুল আলম রিপনের কাছে এ জালিয়াতির জন্য জমা থাকা পাঁচ লাখ টাকার একটি চেকও জব্দ করে পুলিশ।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, আমার আসামিরা সম্পূর্ন ভাবে নির্দোষ। অন্যায় ভাবে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন আদালতে। আমরা জামিনের জন্য আবেদন করব।