বরগুনায় ছেলে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় বাবা, চাচা ও অন্য ভাইদের আঘাতের হামলায় নিহত মিজান আকনের বাবা হারুন আকনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন আকন ছেলেকে মারধরের কথা স্বীকার করেছেন এমনটা জানিয়েছেন থানার অফিনার ইনচার্জ (ওসি) মো: শাহাবুদ্দিন।

বুধবার (১২ মে) বেলা বারোটার দিকে হারুনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রাম থেকে আটক করা হয়। আটকের পর হারুন আকনকে আদালতে সোপর্দ করলে বিচারক সুব্রত মল্লিক জেল হাজতে প্রেরণ করেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের জন্য ওষুধ নিয়ে আসার পথে মিজানকে ক্ষিপ্ত হয়ে মারধর করেন হারুন ও তার ভাই নূর আলম আকন, জাকারিয়া আকন এবং ইসমাইল মুন্সি। তখন রক্ত বমি করেন মিজান। এমন গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মিজানের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে খুলনা সরকারি মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তোফায়েল হোসেন সরকার জানান, মঙ্গলবার রাতে পাথরঘাটা থানায় মিজানের স্ত্রী বাদি হয়ে শশুর, ভাইসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাঈদ আহমেদ বলেন, ছেলে হত্যার অভিযোগে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।