বরগুনায় ডিবি পরিচয়ে নৌকা সমর্থকদের ওপর হামলা, আহত ৭

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মধ্য রাতে ডিবি পরিচয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্বতন্দ্র প্রার্থীর কর্মিদের বিরুদ্ধে। বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়নে এ হামলার ঘটনা ঘটে।

এসময় ডিবি পুলিশ পরিচয়দানকারী বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। হামলায় কমপক্ষে ৭জন আহত হয়েছেন। এদের মধ্য পাঁচজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন,মোঃ জাহাঙ্গীর (৪০), আসলাম (৩০), হুমায়ুন (৩৭), নূপুর (২৯), হামিদা (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মো: শাহাদাত হোসেনের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। এই হামলায় নারী পুরুষ কমপক্ষে সাতজন আহত হয়েছে।

আশ্রয়নের বাসিন্দা সোহরাব সওদাগর অভিযোগ করে বলেন, ওই আশ্রয়নেরই বাসিন্দা আমতলী উপজেলা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী পরান কৃষ্ণ মন্ডল নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিল। পরান বিদ্রোহী প্রার্থীর পোস্টার ছিঁড়ে নৌকার সমর্থকদের উপর দোষ চাপিয়ে শাহাদাত হোসেন কর্মীদের ফোন দিয়ে নিয়ে আসে। এরপর শাহাদাত হোসেনের জামাতা আরিফ খান দলবল নিয়ে রামদা ছেনা পাশের লাঠি নিয়ে নৌকার সমর্থকদের উপর মধ্য রাতে ঘুমান্ত অবস্থায় নারী পুরুষের উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে তাদের বসতঘর ভাংচুর করে। এসময় আশ্রয়নের লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। সবাই আতংকিত হয়ে যাই। হামলাকারীদের মুখে মাক্স পরা ছিল। শিশুরা ভয়ে কাপছিল। পরে আমরা চিনতে পেরে সম্মিলিত হয়ে তাদেরকে ধরে ফেলি। তখন শাহাদাত হোসেনের কয়েকজন কর্মীরা ডিবি পুলিশ পরিচয় দেয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হল বাপ্পি (২৭), রাসেল (৩৫), ইশতি (২০)। পরান পালিয়ে যায়। আটককৃতরা বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের জামাতা আরিফ খান, পরাণ কৃষ্ণ মন্ডল সহ কমপক্ষে ৩৫ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভূক্তভোগীরা।

হামলায় আহত নূপুর বলেন, আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, এই পরান গত নির্বাচনে গগন স্কুলে ভোটের দিন পরিকল্পিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে হামলা চালায়।
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোঃ শাহজাহান বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেনের কর্মী ও সমর্থকরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে মধ্য রাতে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর সহ মারধর করেছে। এতে আমাদের কর্মী ও সমর্থকরা আহত হন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। শাহাদাত হোসেন দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়ে সেই টাকার নৌকার বিরুদ্ধে নির্বাচন করে গুন্ড বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ অসহায় মানুষের উপর হামলা চালায়।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমার তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।