বরগুনায় দখলদারদের হাত থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
সন্ত্রাসী আক্রমণ ও দখলদারদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাইফুল ইসলাম ও তার পরিবার। সোমবার (২৪ মে) বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসয় ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, গত ১৯ মে বিকাল ৩ টায় জোর পূর্বক অবৈধভাবে জমি দখলের উদ্দেশে মোঃ রাইসুল ইসলাম, হুমায়ন কবির, বারেক কাজি, নাসির ফকির, আফরোজা রানি সহ ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী বাহিনী অস্ত্রসহ আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্কভেটর (বেকু) দিয়ে ২৫ থেকে ৩০ বছরের পুরানো রাস্তাসহ গাছ উপরে ফেলে। দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে ঘরের দিকে ছুটে আসলে আমার বাবা ও মা প্রান বাচাঁতে ঘরের দরজা বন্ধ করে আমাকে ফোন করে। পরে আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আমি এ ঘটনাকে কেন্দ্র করে তালতলী থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং জিআর ০৮/২১।

তিনি আরও বলেন, এ মামলায় সন্ত্রাসীদের অন্যতম বারেক কাজিকে গ্রেফতার করলেও অন্য আসামীরা এখনও ধরা ছোয়ার বাইরে। বাইরে থাকা ব্যাক্তিরা মামলা তুলে না নিলে আমার বাবাকে হত্যার হুমকিসহ নানা ভয় ভীতি দেখাচ্ছে। পাল্টা মামলা দেয়ারও পায়তারা করছে তারা। তিনি সকলের সহযোগীতা কামনা করে বলেন, এই সন্ত্রাসী বাহিনীর হাতে আজ আমরা অসহায়। তাই আপনাদের লেখনীর মাধ্যমে সত্য বিষয়টি তুলে ধরে প্রশাসনের নজরদারি বাড়ালে উপকৃত হব।