বরগুনায় দর্জিকে চর মারলেন ওসি!

গোলাম কিবরিয়া, বরগুনা।।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম এক দর্জিকে চপেটাঘাত করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বরগুনা শহরের বঙ্গবন্ধু রোডের গ্রামীণ বস্ত্রালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের তিনি বরগুনা শহরের গ্রামীণ বস্ত্রালয়ের মালিক। তিনি জানান, তার দোকানে দীর্ঘ দিন থেকে সেলিম খান দর্জির কাজ করে আসছেন। ঘটনার দিন ওসি তারিকুল ইসলাম বালিশ তৈরিকে কেন্দ্র করে পুলিশের একজন এস আইকে সাথে নিয়ে ওই রোডের পশ্চিম প্রান্ত থেকে গালমন্দ ভাষায় গালাগাল দিতে দিতে আমার দোকান গ্রামীণ বস্ত্রালয়ের সামনে এসে দাঁড়ান, এবং বরগুনা শহরের টেইলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম খানকে চপেটাঘাত করে তার চেয়ার ছুড়ে এবং সেলাই মেশিন ও সামনে রাখা মটর সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় তিনি রুদ্র মূর্তি ধারণ করে আমাকেও জঙ্গি বলে আখ্যায়িত করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনার সময় তিনি (ওসি) নিজেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ করে ওসিগীরী করতে এসেছি বলে দাবী করেন। এরপর কে কে দোকানদারী করে, সেটাও আমি দেখে নেবো বলে ঘটনাস্থল থেকে চলে যান।

ওই ঘটনাকে কেন্দ্র করে শহরের সকল বস্ত্র ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠু বিচারের আওতায় আনবেন বলে বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীরের দেয়া আশ্বাসে দীর্ঘ ১ ঘন্টা পরে আবার সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে এক চাঞ্চল্যকর পরিবেশ ও ভীতির সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলামের সাথে একাধীকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সরকারী নম্বর (০১৭১৩৩৭৪৩৫৩) বন্ধ পাওয়া যায়।