বরগুনায় প্রতিবেশী নারীর সহযোগিতায় কিশোরীকে একাধিকবার ধর্ষণ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পাওয়া যায়। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে ধর্ষণে অভিযুক্ত রুবেল খলিফা (২৮) ও সহায়তাকারী রাশিদা বেগমকে (৪৫) পুলিশ গ্রেফতার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মো. শাকিব হোসেন তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকেল আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়ায় প্রতিবন্ধী এক ব্যক্তির কিশোরী কন্যাকে স্থানীয় রাশিদা বেগম ফুসলিয়ে তার ঘরে নিয়ে যান। এর কিছুক্ষণ পরে ওই ঘরে একই ইউনিয়নের বৈঠাকাটার সেরাজ উদ্দিন খলিফার ছেলে রুবল খলিফা যায়। এসময় রাশিদা বেগম ঘর থেকে বের হয়ে গেলে রুবেল ওই কিশোরীকে মুখ চেপে ধর্ষণ করেন। বিষয়টি কিশোরী ভিকটিম তার দাদাকে জানায়।

এ ঘটনায় রবিবার রাতেই ভিকটিমের দাদা অভিযুক্ত রুবেল খলিফা ও প্রতিবেশী রাশিদা বেগমকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই থানার এস আই শহিদুল আলম অভিযান চালিয়ে ধর্ষক রুবেল খলিফা ও সহায়তাকারী রাশিদা বেগমকে গ্রেফতার করেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এ ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিম কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।