বরগুনায় রিভালভার ও ৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রাম থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০ টার দিকে একটি বিদেশি রিভালভার ও ৪ রাউন্ড গুলিসহ রিপন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির ওসি আবুল বাশার জানান, রিপন একজন তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী। দীর্ঘ দিন ধরে তাকে মাদকসহ গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। গ্রেফতারকৃত রিপন; কালু ফকিরের ছেলে আমতলী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা হলেও কয়েক মাস আগে বরগুনার খাজুরতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। রিপন নিজেকে একজন শ্রমিক দাবী করলেও মাদক ব্যাবসার সাথে অস্ত্র ব্যাবসায়ও জড়িয়ে পড়েছে বলে জানায় ডিবি পুলিশ।

বিশ্বস্ত সুত্রে রিপনের অবস্থানের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে খাজুরতলার বাসায় তল্লাশি করে খাটের তলা থেকে পেরেক দিয়ে আটকানো অবস্থায় গুলি ভর্তি রিভালভার উদ্ধার করে। তল্লাশির সময় বাড়ির মালিক সহ শতাধিক প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, রিপনকে গুলি ও অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে।