বরগুনায় শিশুকে অমানুষিক নির্যাতন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলায় ৮ নং ইউনিয়নে পার্বতী গ্রামে ৩য় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে পিটিয়ে জখম করেছে মুদি দোকানদার।

রবিবার (০৩ অক্টোবর) বিকেলে শামীম হাওলাদারের ছেলে স্কুলছাত্র মোঃ শাওন (১১) বছর বয়সী শিশুকে চুরির অভিযোগ দিয়ে বেধরক পেটানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,৮ নং ইউনিয়নের পাশ্ববর্তী গ্রাম কলাতলায় ঘুরতে যায় শাওন। একটু পর কলাতলা গ্রামের বাদশা মল্লিক (৪৫) এর মুদি দোকানে গিয়ে বসে শাওন। তখন দোকানদার বাদশা ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে শাওনকে দোকানের বসে থাকতে দেখে টাকা ও খাবার চুরির অভিযোগে শাওনকে বেধরক মারতে থাকে।

এক পর্যায়ে শাওনের গলা পা দিয়ে চেপে ধরে এবং পেটে লাথি মারতে থাকে। এতে শাওন মলত্যাগ করে দেয়। পরে শাওনের পরিবার এসে শাওনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। স্কুলছাত্র শাওনের চাচা সারোয়ার হোসেন মিন্টু বলেন, বিকেল ৫ টার দিকে টিভি দেখতে বসে শাওন। একটু পরে বিদ্যুৎ চলে যাওয়ায় বাইরে ঘুরতে বের হয়ে পাশের কলাতলা এলাকায় যায় এবং মুদি দোকানদার বাদশা মল্লিকের দোকানে বসে। তখন দোকানদার বাদশা দোকানে ঘুমাচ্ছিলো। হঠাৎ ঘুম থেকে জেগে শাওনকে বসা দেখে তাৎক্ষণিক তার উপর ঝাপিয়ে পড়ে স্টিলের লম্বা টর্চ লাইট দিয়ে বেধরক পেটাতে থাকে। এক পর্যায় শাওনের পেটে লাথি মারে এবং গলায় পা দিয়ে চেপে ধরে। এতে শাওন গুরতর আহত হয়। একটি ১১ বছরের শিশুকে যে এত নিকৃষ্ট ভাবে মারতে পারে সে কখনও মানুষ হতে পারেনা। আমরা নির্যাতনকারী দোকানদার বাদশার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযুক্ত বাদশা মল্লিকের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, মারধরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটির নানা সন্ধ্যার দিকে থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।