বরগুনায় ২১টি বিষধর গোখরা সাপ উদ্ধার, আদালত পাড়ায় আতঙ্ক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে থেকে ২১টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও কয়েকশ সাপের ডিমের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদালত ভবনে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবী, পুলিশসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভবনের ফ্লোর ভেঙে ডিমের খোসা উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে দুলাল। এর আগে আদালত ভবনে প্রবেশদ্বারের বিভিন্ন স্থান থেকে ২১টি সাপের বাচ্চা বের করে সেগুলো মারা হয়।

সাপুড়ে দুলাল জানান, এগুলো বিষধর গোখরা সাপের ডিমের খোসা ও বাচ্চা।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কামাল হোসেন জানান, সকালে আদালতের কাজে অফিসে প্রবেশের সময় পায়ের কাছ থেকে একটি সাপ দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর আরও কয়েকটি সাপ আদালত ভবনের মেঝেতে চলাচল করতে দেখা যায়। বিষয়টি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিককে জানালে তিনিও তার কক্ষ থেকে বেরিয়ে সাপ দেখে আতঙ্কিত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ২১টি সাপ মারা হয়।

কামাল হোসেন আরও জানান, মাসখানেক আগেও আদালত চলাকালীন বিচারকের চৌকির নিচ থেকে দুটি বড় গোখরা সাপ মারা হয়।

আইনজীবী মিজানুর রহমান মঞ্জু জানান, পাথরঘাটায় নিজস্ব কোনো আদালত ভবন না থাকায় ২০১৪ সালের মার্চ মাস থেকে পাথরঘাটা সরকারি কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুলভবন ভাড়া নিয়ে সেখানে আদালতের বিচার কার্যক্রম চলছে। ভাড়া করা ভবনের অবস্থাও নাজুক। ভবনের চারদিকে দেয়াল ও পিলারে বড় রকমের ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।