বরগুনা-২ আসনের সংসদ সদস্যর হাতে ব্যবসায়ী লাঞ্চিত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের হাতে স্থানীয় মাছ ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত মাছ‌ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ীর সাইড দেয়ার মত অবস্থা না থাকায় মাইক্রোচালক সাইড দিতে পারেনি ড্রাইভার। এমপি আমাকে মঞ্চে প্রকাশ্যে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারেন এবং তার পা ধরে ক্ষমা চাইতে বলেন।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকালে এমপি পাথরঘাটা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পাথরঘাটা প্রিমিয়াম লীগ ফুটবল খেলায় মোটরসাইকেল বহর নিয়ে আসার সময় খেলোয়াড়দের বহনকরা মাইক্রোবাসটিকে এমপি’র লোকজন সাইড দিতে বলেন। সরু রাস্তার কারণে মাইক্রোচালক সাইড না দেয়ায় এসময় ক্ষেপে যান এমপি। পরে সভা মঞ্চে উঠে মাইক্রোবাসে থাকা পাথরঘাটা বিএএফডিসি মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ডেকে নিয়ে কেন তার মোটরসাইকেল বহরটিকে সাইড দেয়া হয়নি বলেই মারধর শুরু করেন জনসম্মুখে। বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন এবং পা ধরে ক্ষমা চাইতে বলা হয় পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে।

মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জাবির ও আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার সংসদ সদস্যর আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, এমপি আমাকে বলেছেন- নজরুল মাইক্রোর ড্রাইভারকে সাইড না দেয়ার জন্য বলছেন। এজন্যই তিনি কয়েকটি চড়-থাপ্পড় মেরেছেন।

এ ব্যাপারে আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার বলেন, দেখেছি এমপি চড়-থাপ্পড় মেরেছেন। মনে হয় কোন বেয়াদবি করেছে। আমার কাছে বিষয়টি এক ধরনের ভুল বোঝাবুঝি মনে হচ্ছে।

এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এড. জাবির, আড়ৎদার সমিতির সভাপতি, জাহাঙ্গীর জমাদ্দারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মুঠোফোনে বলেন, নজরুল খারাপ লোক তাই আমি তাকে চড় মেরেছি, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চড় মারা আমার অপরাধ হলে আমার বিরুদ্ধে থানায় মামলা করুক।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, আমি মৌখিকভাবে বিষয়টা শুনেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত প্রক্রিয়ায় যাবো।