বরিশালে এসআই-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক।।
বরিশালে সাধারণ ডায়েরি (জিডি) করা নারী বাদীকে যৌন হয়রানির অভিযোগে মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ মে) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ওই দিন আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত এসআই আসাদুল ইসলাম বরিশাল কোতয়ালী মডেল থানায় কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা মামলার বাদী গত বছর ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশী বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। কোতোয়ালি মডেল থানার এসআই আসাদুল ওই জিডির তদন্তের জন্য বাদীকে থানায় ডাকেন। এরপর থানায় গেলে নানা অজুহাতে ওই নারীর শ্লীলতাহানি করেন। প্রতিবাদ জানালে এসআই আসাদুল তাকে জড়িয়ে ধরেন এবং বিয়ে করার প্রস্তব দেন। এ সময় ওই নারীর স্বামী এসে পড়লে বাদী আসামির কবল থেকে রক্ষা পান।

বিষয়টি তাৎক্ষণিক থানার ওসির কাছে মৌখিকভাবে জানালে তিনি ঘটনার বিষয়ে বিচার করবেন এবং একজন নারী এএসআই তদন্ত করবেন বলে আশ্বাস্ত করেন। কিন্তু পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে থানার কোনো নারী কর্মকর্তা এই বিষয়ে জানেন না বলে জানান। পরে তিনি থানায় লিখিত এজাহার দিতে চাইলে তা পুলিশ গ্রহণ করেনি। থানার সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে বলেও এজাহারে বাদী উল্লেখ করেছেন।

মামলার বাদির আইনজীবী মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর এবং পিবিআই তদন্তের দায়িত্ব দেওয়ায় তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ ছাড়া অভ্যন্তরীণভাবে তারাও বিষয়টি খতিয়ে দেখছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।