বরিশালে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

রূপালী বার্তা।।
বরিশালে চুরির মামলায় চোরাই মোবাইলসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিঁধ কেটে অজ্ঞাত চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।