বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৩ মাদক কারবারি আটক

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনী ও ভাটিখানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা (ডিবি) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশের সহকারি কমিশনার মো. রবিউল ইসলাম শামিম জানান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান (পিপিএম-বার) এর নির্দেশনায় বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি (কেডিসি)কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে মৃত আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (২৯) কে ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে কাউনিয়া থানাধীন ভাটিখানা সেকশন রোডে অভিযান চালানো হয়। অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি মধ্যম কোনাফুড়া এলাকার মোঃ কামরুজ্জামান মোল্লা (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিন কাজলাকাঠী এলাকার মোঃ মকবুল হোসেন মোল্লা (৫৭) কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ডিবি পুলিশ বাদী হয়ে কাউনিয়া ও মডেল কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।