বরিশালে প্রকাশ্যে দোকানিকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ সড়কে প্রকাশ্য দিবালোকে নুসরা টেলিকমের মালিক কাজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কাজলকে এলোপাতাড়ি কোপালেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হামলাকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কয়েকজন উঠতি বয়সি তরুণের সাথে স্থানীয় বাসিন্দা ও দোকানি কাজলের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে দুপুরের দিকে তরুণেরা অস্ত্রসহ এসে দোকানে হামলা করে এবং মালিক কাজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই চিত্র আশপাশের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রত্যক্ষ করলেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ব্যবসায়ীকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।

দোকানি কাজলের ভাই মাসুদ জানান, এই হামলার ঘটনায় জড়িতরা সকলে স্থানীয় এক ছাত্রলীগ নেতার অনুসারী এবং সকলে ছাত্রলীগ কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’