বরিশালে বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকে যুক্ত হল ৪টি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর

নিজস্ব প্রতিবেদক।।
১৭ই আগস্ট বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন উপলক্ষে অক্সিজেন সরবরাহের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদ এর আহ্বায়ক ইমরান হাবিব রুমন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাসদ এর সদস্য মোঃ রুবেল,বরিশাল গার্লস গাইডস এর প্রাক্তন কমিশনার ফায়জুন্নাহার শেলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক বিজন সিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাসদ এর ফ্রি অক্সিজেন ব্যাংক থেকে আজ ৫০তম দিন পর্যন্ত শতাধিক মুমূর্ষু করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। দেশে-বিদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় বাসদের এই অক্সিজেন ব্যাংক ৫০তম দিন অতিক্রম করেছে,এজন্য বক্তারা জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা জানান, বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন উপলক্ষে আমেরিকা প্রবাসী চিকিৎসক ও গবেষক ডাঃ আনোয়ার এর উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী চিকিৎসকদের সহযোগিতায় অক্সিজেন সরবরাহ করার সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর যুক্ত হচ্ছে। এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করবে ও সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করবে। এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি রিফিল করার প্রয়োজন হবেনা, ফলে মুমূর্ষু রুগীর জীবন বাঁচাতে এগুলি সার্বক্ষণিকভাবে ভূমিকা রাখতে পারবে।

বক্তারা উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ আনোয়ার এর বোন ও গার্লস গাইড এর প্রাক্তন কমিশনার ফায়জুন্নাহার শেলীর মাধ্যমে এই উদ্যোগের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগনের জানমাল রক্ষায় বাসদের এই ফ্রি অক্সিজেন ব্যাংক চালিয়ে যেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।