বরিশালে যুবককে বলৎকারের অভিযোগে আইনজীবী কারাগারে

আইন-আদালত।।
বরিশালে যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে শামসুল হক নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ ওই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার আগে ঘটনার শিকার যুবক (২৪) আইনজীবী শামসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার রাতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নগরীর কাউনিয়া প্রথম গলির বাসিন্দা এক যুবক তাকে বলৎকারের অভিযোগে অ্যাডভোকেট শামসুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে ওই যুবক তৃতীয় লিঙ্গ গোত্রভুক্ত হিসাবে সকলের কাছে পরিচিত। তবে যুবকটি পুলিশের কাছে দাবি করেছে, সে তৃতীয় লিঙ্গের নয়, ওই গোত্রের সঙ্গে তার চলাফেরা রয়েছে।

রাজীবের করা অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, আইনজীবী শামসুল হক গত ৮ মাস যাবত ওই যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছে। এর ভিডিও চিত্রও ওই যুবক পুলিশের কাছে দিয়েছে। রোববার রাতে মামলা গ্রহণের পরপরই আইনজীবী শামসুল হককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, অভিযোগকারী যুবককে মেডিকেল পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ পরিদর্শক খোকন চন্দ্র জানান, বিচারক মারুফ আহমেদ আইনজীবী শামসুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম জানান, অ্যাডভোকেট শামসুল হক সমিতির সিনিয়র সদস্য। তবে তার ব্যক্তিগত কোন ভুল-ত্রুটির দায় জেলা আইনজীবী সমিতি নেবে না।