বরিশালে যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন মামলা, স্বামী জানালেন ভিন্ন কথা

রূপালী ডেস্ক।।
বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে যৌতুক দাবিতে মারধর ও তালাকের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী দীনা খান।

রোববার (২৩ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উজিরপুর উপজেলার এ যুব উন্নয়ন কর্মকর্তা। আদালতের বিচারক মো. আনিছুর রহমান শুনানি শেষে নগ‌রীর ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

অভিযুক্ত অধ্যক্ষ নূর উদ্দিন আহম্মেদ টাঙ্গাইলের মীর্জাপুরের নয়াপাড়া গোড়াই এলাকার মৃত মহিউদ্দিন আহম্মদের ছেলে।

জানা যায়, নূর উদ্দিন আহম্মেদের সাথে ১৯৯৯ সালের ২৮ জুলাই দীনা খানের বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নূর উদ্দিন স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে নূর উদ্দিন স্ত্রী মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

গত ১৭ নভেম্বর রাতে দীনা খানের বাবার বাড়িতে এক শালিস বৈঠক হয়। ওই বৈঠকে নূর উদ্দিন তার স্ত্রী দীনা খানের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দীনা খান টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নূর উদ্দিন তাকে তালাকের হুমকি দিয়ে বৈঠক থেকে চলে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নূর উদ্দিন আহম্মেদ জানান, তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। বাবা অনেক আগে মারা যায়। বৃদ্ধা মা টাঙ্গাইলে গ্রামের বাড়িতে থাকেন। তাকে দেখার কেউ নেই। প্রতি সপ্তাহে বৃদ্ধা মা’কে দেখতে গ্রামের বাড়ি যান তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে স্ত্রী সংক্ষুব্ধ হয়ে এই মামলা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।