বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা উদ্ধার

রূপালী বার্তা।।
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মোঃ হারুন অর রশিদ (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার (২১ সেপ্টেম্বর) কোতয়ালী থানার নতুন বাজার ১৯ নং ওয়ার্ডস্থ ডায়মন্ড গলির একটি বাড়ি থেকে আটক করা হয়।

র‌্যাব মঙ্গলবার জানায়, গোপন সংবাদে জানতে পারেন ডায়মন্ড গলির হারুন অর রশিদ এর বাড়িতে মাদক জাতীয় দ্রব্য ও ভারতীয় রুপি রক্ষিত আছে। বিকেল সাড়ে ৪ টার দিকে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মোঃ হারুন অর রশিদ নামে একজনকে আটক করে। তার পিতা মৃত শফি উদ্দিন মিয়া। এসময় তার কাছ থেকে ২৮ (আঠাশ) বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৯৫৫/- (দুই লক্ষ পঁচাশি হাজার নয়শত পঞ্চান্ন) টাকা এবং ভারতীয় ১৫,০০০/- (পনের হাজার) রুপি উদ্ধার করে।

উল্লেখ্য, মোঃ হারুন অর রশিদ(৬২) এর নামে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় পূর্বে ০৯ টি মামলা রয়েছে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।