বরিশাল কীর্তনখোলায় বন্ধুদের সঙ্গে ট্রলার ভ্রমণে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

রূপালী ডেস্ক।।
বন্ধুদের সঙ্গে ট্রলারে করে ঘুরতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে মো. ফাহাদ হাসান (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাহাদ নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার মো. মাহবুব হোসেনের ছেলে। সে জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ফাহাদসহ ১০-১২ জন বন্ধু মিলে শুক্রবার বিকেলে নগরীর চর কাউয়া খেয়াঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে কীর্তনখোলা নদীতে ঘুরতে বের হয়। ট্রলার ছাড়ার কিছুক্ষণ পর তারা হৈ-হুল্লোড় শুরু করে। এর মিনিট পাঁচেক পর কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকা অতিক্রমের সময় হঠাৎ ট্রলার থেকে নদীতে পড়ে যায় ফাহাদ।

এসআই ফজলুল হক আরও জানান, ফাহাদের নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি ট্রলারের মাঝি টের পাননি। ট্রলারে থাকা অন্য বন্ধুরা বিষয়টি মাঝিকে জানালে ট্রলার ঘুরিয়ে দুর্ঘটনাস্থলে ফিরে নদীতে ফাহাদের স্যান্ডেল ভেসে থাকতে দেখেন ট্রলার মাঝি। পরে ফাহাদের এক বন্ধু ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়।

এ বিষয়ে বরিশাল রিভার ফায়ার স্টেশনের লিডার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে কীর্তনখোলা নদীর ওই স্থানটির গভীরতা বেশি এবং খরস্রোতা হওয়ায় রাতে তল্লাশি চালাতে ডুবুরিদের বেগ পেতে হয়। এ কারণে সন্ধ্যা ৭টার পর অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করার কথা রয়েছে বলেও জানান তিনি।